রঙিন ফুলকপি চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন পাবনার চাটমোহরের বেলায়েত হোসেন নামের এক কৃষক। তার বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে। এবার তিনি প্রথম পরীক্ষামূলকভাবে সাড়ে চার কাঠা জমিতে রঙিন কপি চাষ করেছেন। মাত্র তিন হাজার টাকা বিনিয়োগ করে তিনি প্রায় ২৭ হাজার টাকার কপি বিক্রি করেছেন। তার মতে, রঙিন ফুল কপি চাষে বিঘায় লাখ টাকাও আয় আসে।
বেলায়েত হোসেন জানান, সাড়ে চার কাঠা জমিতে তিনি প্রায় ৭০০ রঙিন (হলুদ রঙ) কপির চারা লাগিয়েছিলেন। নিজে পরিশ্রম করেছেন, সঠিক পরিচর্যা করেছেন। প্রতিটি কপি প্রায় দেড় কেজির মতো ওজন হয়েছে। কিছু দিন আগেও প্রতি কেজি রঙিন কপি ৮০ টাকায় বিক্রি করেছেন। এখন ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তিনি আরো জানান, সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুল কপির চাহিদা বেশি এবং দামও প্রায় দ্বিগুন। এমন ফলন ও দাম পেলে এক বিঘা জমিতে রঙিন কপি আবাদ করে মাত্র আড়াই মাসে প্রায় লাখ টাকা আয় করাও সম্ভব।
সবজি বিক্রেতারা জানান, চাটমোহরে এই প্রথম সীমিত পরিসরে রঙিন ফুলকপি চাষ হচ্ছে। দেখতে অতীব চমৎকার এবং মনলোভা হওয়ায় ভোক্তারা আগ্রহ থেকে এ রঙিন ফুলকপি কিনছেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, বেলায়েত হোসেন একজন ভালো কৃষক।
ফসলের সঠিক পরিচর্যা করেন। রঙিন ফুলকপির ভালো ফলন ও দাম পাওয়ায় তিনি লাভবান হয়েছেন।



