নুর আলম জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। দীর্ঘ অপেক্ষার পর আয়োজিত এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বলিষ্ঠ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
ভোটগ্রহণ সকাল ৮:৩০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ভোট শুরুর আগে সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচন শেষে ডিজিটাল ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সদস্যদেরও তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় পুলিশের একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নির্বাচন ঘিরে সোমবার বিকেল সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশনা দেয় রেজিস্ট্রার দফতর। একই সাথে পরিবহন পুলের আওতাধীন বাসগুলো নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ছাড়ার কথা জানানো হয়।
কোতোয়ালি থানার ওসি ফয়সাল আহমেদ বলেন, নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
ক্যাম্পাসের আশপাশে বিশেষ বাহিনী মোতায়েন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, নির্বাচন সম্পর্কিত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আশা করছি সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম বলেন, জকসু নির্বাচন হবেই। নিরাপত্তা ইস্যুতে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা হয়েছে। আমরা আশাবাদী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও শান্তিপূর্ণ নির্বাচনের আশা ব্যক্ত করেছেন।
ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব বলেন, দীর্ঘ আন্দোলনের পর আমরা কাক্সিক্ষত নির্বাচনের মুখোমুখি। আশা করি উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় সাড়া দিচ্ছেন আমরা ভালো ফলের আশা করছি।
ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের প্রার্থী কিশোয়ার সাম্য অভিযোগ করে বলেন, কমিশন আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো সমাধান করতে পারেনি; শিক্ষার্থীদের প্রতি তার আহ্বান জুলুমের বিরুদ্ধে ভোট দেয়ার।
ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় আরো দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং চারটি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদে।



