বগুড়া অফিস
বগুড়ায় পৃথক ঘটনায় দু’জনকে খুন করা হয়েছে। এদের মধ্যে জেলার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে। অপর দিকে জেলার শেরপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে স্কুল ছাত্র জামিল শেখ (১৬) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে।
সারিয়াকান্দি সংবাদদাতা নিহতের পরিবার ও পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সাথে মোসলেম উদ্দিনের জমি জমা ও গোচারণ ভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
অপরদিকে সোমবার সন্ধ্যায় শেরপুর উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থী জামিল শেখ নিহত হয়েছে।
নিহত জামিল শেখ ওই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।



