বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
মাত্র ১০ টাকা আদায়কে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় কিশোরগঞ্জের বাজিতপুরে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অটোরিকশাচালক বিপ্লব (২৫)। এ ঘটনার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। গত শুক্রবার বিকেলে বাজিতপুর বাজারের বাঁশ মহলে সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
নিহত বিপ্লব উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের খোকন মিয়ার ছেলে। পারিবারিক অভাব ঘুচাতে ঢাকায় স্যান্ডেল তৈরির কাজ ছেড়ে ঈদের মাত্র দুই দিন আগে ধারদেনা করে একটি অটোরিকশা কেনেন তিনি। গত ১৯ এপ্রিল গ্রামের রাস্তার গর্ত ভরাটের পারিশ্রমিক হিসেবে চালক দিপুর কাছে ১০ টাকা চাইলে শুরু হয় বিবাদ। এর জেরে পরিকল্পিতভাবে দিপু তার দলবল নিয়ে বিপ্লবকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
জানা যায়, দিপু ছাড়াও মবিন, হারুন, শাহুসহ একদল মাদকসেবী সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়। জীবন বাঁচাতে বিপ্লব অন্যের বাড়িতে আশ্রয় নিলেও খুনিরা তাকে রেহাই দেয়নি। ঘটনার পরদিন বিপ্লবের ভাই মাহিদুল ইসলাম বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মবিন ও সিদ্দিক নামের দুই আসামিকে গ্রেফতার করেছে।
সরেজমিন দেখা যায়, দুই শিশু সন্তানকে বুকে জড়িয়ে বিলাপ করছেন স্ত্রী তানজিনা। বৃদ্ধ বাবা-মা তাদের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, কৈলাগ ইউনিয়ন এখন অপরাধীদের অভয়ারণ্য। বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল ইসলাম জানান, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



