দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল কার্ড’ প্রথা চালু করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে ইউএনও ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। আগামী ২ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ফুয়েল কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেয়া যাবে না। এই কার্ডে চালকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স নম্বর উল্লেখ থাকবে। গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকার তেল কিনতে পারবেন। এ ছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা কনটেইনারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট ছাড়া খোলাবাজারে জ্বালানি তেল কেনাবেচা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের অপচয় ও অবৈধ মজুদ রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরসংবলিত কার্ড প্রদর্শন করলেই কেবল তেল সরবরাহ করবেন বিক্রেতারা। এই উদ্যোগের ফলে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।



