নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একে একে নামতে পারেনি ৯টি আন্তর্জাতিক ফ্লাইট। রানওয়ে দেখতে না পেয়ে পাইলটরা এসব ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত, কলকাতা ও ব্যাংকক বিমানবন্দরে নিয়ে নিরাপদে অবতরণ করান।
গতকাল শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প হিসেবে বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে চারটি, কলকাতা বিমানবন্দরে চারটি এবং একটি ফ্লাইট ব্যাংককে অবতরণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সব ফ্লাইটের স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়েছে।



