চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করার মাধ্যমে নব্যফ্যাসিবাদ কায়েমের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা ও আইনজীবী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর কর্মীদের মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
বাকলিয়া থানা জামায়াতের আমির মুহাম্মদ সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন।



