নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: জাকির হোসেন (৪৬) নামে ওয়ার্কশপের এক কর্মচারী আহত হয়েছেন। পরে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। গতকাল মঙ্গলবার ভোরে বঁধুয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। জাকিরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
জাকিরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোক্তার হোসেন জানান, যাত্রাবাড়ীর বঁধুয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই ছিনতাইকারী জাকিরের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ডান পা ও পিঠে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। জাকির হোসেন ফরিদপুর সদরের ফতেপুর এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি বর্তমানে সায়েদাবাদ জনপদ মোড়ে চাঁদপুর ভিলায় ভাড়া থাকেন।
এদিকে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১১ বিহারি ক্যাম্প জল্লা কলোনি এলাকায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মাঠে ক্রিকেট খেলার সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, জল্লা কলোনি এলাকার মিঠুনসহ তার তিন বন্ধু মঙ্গলবার বিকেলে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় স্থানীয় লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বিহারি ক্যাম্পের শাকিল নামের এক ব্যক্তির ছেলেসহ চার থেকে পাঁচজন মিলে মিঠুনসহ আরো দু’জনকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয় এবং পরে দু’জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মিঠুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



