এএফপি
ভেনিজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। গতকাল শনিবার সরকারের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত দুই হাজার ৯৫৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যা গত শুক্রবারের চেয়ে ৩০০ জনেরও বেশি। এ দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এই দুই ভূমিকম্পের ১০ দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে চালানো তল্লাশি অভিযান ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করেছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। জাতিসঙ্ঘের ধারণা, লাতিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগের পর এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
গত ২৪ জুনের এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা। সেখানে বহু আবাসিক ভবন ধসে পড়ে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন, যারা এখন খোলা আকাশের নিচে বা অস্থায়ী ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন। সাধারণত দুর্যোগের পর জীবিত উদ্ধারে প্রথম ৭২ ঘণ্টাকে গুরুত্বপূর্ণ ধরা হলেও চলতি সপ্তাহেও ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নতুন করে আর কারো বেঁচে থাকার সন্ধান না মেলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার ফায়ার সার্ভিসের দলসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরা সপ্তাহান্তে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। উদ্ধার অভিযান শেষের ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত কুকুরগুলোকে সম্মাননা পদক দিয়েছেন। তিনি বলেন, ভেনিজুয়েলা এখন গভীর শোকের মধ্যে আছে এবং অনেকে সব হারিয়েছেন।
এ দিকে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ভেনিজুয়েলাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, দুর্যোগের পর সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারেনি এবং আন্তর্জাতিক দল পৌঁছানোর আগে তারা নিজেরাই হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করেছেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেছেন, দুর্যোগের পরপরই হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মকর্তাকে উদ্ধার ও ত্রাণকাজে পাঠানো হয়েছে। বর্তমানে লা গুয়াইরায় ভারী যন্ত্রপাতি দিয়ে ধসে পড়া ভবন ভাঙার কাজ শুরু হলেও অনেক পরিবার এখনো স্বজনদের লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক ফ্রান্সিসকো সাসকিয়া জানান, কাজটা সহজ না হলেও তারা এখনো লাশ খুঁজে বের করার চেষ্টা করছেন এবং গতকালও দু’টি লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।



