মো: সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন চারতলা প্রশাসনিক ভবন ও একতলা হলরুমের কাজ চার বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ থমকে যায়। একপর্যায়ে কাজ অসমাপ্ত রেখেই সরে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ অপেক্ষার পর কর্তৃপক্ষ ঠিকাদারের চুক্তি বাতিল করেছে এবং নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ জুলাই খুলনার ‘মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং’ প্রকল্পটির কার্যাদেশ পায়। ছয় কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে চারতলা প্রশাসনিক ভবন ও একটি একতলা হলরুম নির্মাণের কাজ শুরু হয় একই বছরের ১০ অক্টোবর। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর নতুন ভবনে স্থানান্তরের পরিকল্পনা ছিল।
চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজের গতি কমে যায়। ২০২৪ সালের ৫ মার্চ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় তিন কোটি ১৪ লাখ টাকা বিল উত্তোলন করে। এ সময় প্রকল্পের কাজের অগ্রগতি দেখানো হয় ৫২ শতাংশ। এরপর কার্যত বন্ধ হয়ে যায় নির্মাণকাজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আর কাজে ফেরেননি। এলজিইডি একাধিকবার চিঠি দিয়েও কোনো সাড়া পায়নি। শেষ পর্যন্ত চলতি বছরের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির সাথে চুক্তি বাতিল করা হয়।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, ভবনের দোতলার ছাদ ঢালাই পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। তিনতলার জন্য কিছু পিলার দাঁড়িয়ে থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনো কাজ হয়নি। নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশের নির্মাণাধীন হলরুমের ছাদে পড়ে থাকা রডে মরিচা ধরেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু রড চুরি হয়ে গেছে।
ত্রিশাল উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসাইন বলেন, ঠিকাদারকে বারবার নোটিশ দেয়া হলেও কাজে ফেরানো সম্ভব হয়নি। বিধি অনুযায়ী চুক্তি বাতিল করা হয়েছে। এখন যৌথ পরিমাপের মাধ্যমে সম্পন্ন কাজের পরিমাণ নির্ধারণ করে নতুন দরপত্র আহ্বান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, আধুনিক প্রশাসনিক ভবনের কাজ বন্ধ থাকায় উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ দিকে দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে ভবনটি ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন।



