বিবিসি ও আলজাজিরা
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। একই দিনে দেশটির যুদ্ধকালীন নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে বরখাস্ত হওয়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
উপকূলীয় শহর খেরসনে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চারজন আহত হন। গতকাল সকালে সংঘটিত এই হামলার রক্তক্ষয়ী ছবি ও ক্ষতবিক্ষত বাসের দৃশ্য প্রকাশ করে আঞ্চলিক প্রশাসন জানায়, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ২০২২ সালে ইউক্রেনীয় প্রতিরোধের মুখে খেরসন ছেড়ে নিপ্রো নদীর বিপরীত তীরে অবস্থান নেয়ার পর থেকেই ওই এলাকা লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে রুশ সেনারা। চলতি মাসেই বাজারে ড্রোন দিয়ে সাধারণ মানুষকে ধাওয়া করার একটি ঘটনাকে ‘শিকার উৎসব’ বলে অভিহিত করেছিল কিয়েভ।
সঙ্ঘাতের খবর মিলেছে অন্যান্য অঞ্চল থেকেও। দক্ষিণ-পূর্বের ঝাপোফ্রিজিয়ায় রুশ ড্রোন আঘাতে বাড়িঘর ও স্থাপনায় আগুন লেগে একজন নিহত ও সাতজন আহত হন। অন্য দিকে রাশিয়ার উফা শহরে তেল শোধনাগারসংলগ্ন এলাকায় ড্রোন পড়ে আগুন লাগে এবং একটি আবাসন ও যানবাহনে আঘাত হানায় একজন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে আক্রমণের পাশাপাশি রাতে ইউক্রেনের ৪৫৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। জাতিসঙ্ঘ সূত্রে জানা গেছে, গত মাসেই ৪৩৭ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যা দীর্ঘায়িত এই যুদ্ধে সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।



