স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে : সেলিম উদ্দিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঢাকায় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।

গতকাল রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কর্মপরিষদ সদস্য হেমায়েত হোসেন ও জামাল হোসেন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দেশে মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতাও সঙ্কুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। সেলিম উদ্দিন অভিযোগ করেন, কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রত্যাশিত উন্নতি নেই। এখনো কাক্সিক্ষত সমাজব্যবস্থা গড়ে ওঠেনি এবং জুলাই সনদ বাস্তবায়নেও দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অতীতে সংবিধান পরিবর্তনের কথা বললেও এখন সেই সংবিধানকেই আঁকড়ে ধরেছে। জনগণের রায়ই চূড়ান্ত সংবিধান, এর ঊর্ধ্বে কোনো বিকল্প নেই। জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপি পেলেও ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আন্তরিকতা দেখাচ্ছে না। এর রাজনৈতিক মূল্য দলটিকে দিতে হতে পারে। রাজধানীর নাগরিক সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, ঢাকা শহর চাঁদাবাজি ও টেন্ডারবাজির নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর কোনো পরিকল্পনা নেই, ফলে এই শহর ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রমাণ।