চট্টগ্রাম ব্যুরো
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে প্রকল্প রক্ষণাবেক্ষণে সিটি করপোরেশনের সাথে সমন্বয় জোরদার করতে হবে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মধ্যেও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরো জোরদার করা হবে।
প্রতিমন্ত্রী গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন শীর্ষক প্রকল্পের রেগুরেটরগুলো হস্তান্তর সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, নগরবাসীর অসচেতনভাবে খাল ও নালায় আবর্জনা ফেলার প্রবণতা জলাবদ্ধতার অন্যতম কারণ। এ সমস্যা সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সাথে খাল দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের বিভিন্ন খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের বিষয়টিও সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব পাঠালে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনী, সিটি করপোরেশন, ওয়াসা, সিডিএ ও সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি টেকসই, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম বক্তৃতা করেন।



