রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও সঙ্গীতশিল্পীরা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি তারা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভোটকেন্দ্রে তারকাদের উপস্থিতি ও তাদের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারকাদের ভোটদান নিয়ে এই বিশেষ আয়োজন।
নাগরিক দায়িত্ব ও সামাজিক বার্তা
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা দুপুরের দিকে ভোট দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন শেষ করেছি। একটি আরও ভালো বাংলাদেশের প্রত্যাশায়। আপনি কি আপনার ভোট দিয়েছেন?’ তার সাথে একমত পোষণ করে অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোট দিয়েছি।’
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। কেউ প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ দীর্ঘ ১৭ বছর পর ভোট দিয়েছেন। তারকাদের মাঝে দিনভর ভোট নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।
দীর্ঘ প্রতীক্ষার পর ভোটদান
প্রবীণ অভিনেতা আবুল হায়াত ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ১৭ বছর পর ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। যোগ্য প্রার্থীরা জয়ী হোক, এটাই চাই। একটি জেনুইন দল সরকার পরিচালনায় এলে দেশের অনেক সমস্যার সমাধান হবে।’
সুচন্দা, ববিতা ও চম্পার প্রত্যাশা
দুপুরে গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন তিন বোন- সুচন্দা, ববিতা ও চম্পা। ভোট শেষে ববিতা বলেন, ‘সব প্রতিবন্ধকতা জয় করে দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাক, এটাই আমাদের চাওয়া। শিল্পী হিসেবে আমাদের প্রত্যাশা চলচ্চিত্রের জন্য সুন্দর পরিবেশ ও পর্যাপ্ত সিনেমা হল তৈরি হোক। সরকার চলচ্চিত্রের উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে, এটাই আশা করছি।’
জেমেসের প্রতিক্রিয়া
ঢাকা-১৭ আসনের ভোটার ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বেলা সাড়ে ৩টায় বারিধারা স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। ভোট দিয়ে তিনি বলেন, ‘প্রক্রিয়াটি খুবই সহজ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম- সবই সুন্দর ও ঝামেলাহীন। দেশে এই গণতান্ত্রিক ধারা ও শান্তি যেন অব্যাহত থাকে।’
দূরত্ব ঘুচিয়ে কেন্দ্রে
ভোট দিতে অনেক তারকা ঢাকা ছেড়েছেন। অভিনেতা মনোজ প্রামাণিক নওগাঁয় নিজের গ্রামের বাড়িতে ভোট দিয়েছেন। আঞ্চলিক ভাষায় ফেসবুকে তিনি লেখেন, ‘আমারে যেড্যাত ভোট দিলে কাজ হোবে, সেড্যাত ভোট দিমু।’ তরুণ গায়িকা পারশা মাহজাবিন বগুড়ার ভোটার।
ঢাকা থেকে ১৬ ঘণ্টার যানজট পেরিয়ে জীবনের প্রথম ভোট দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার। ব্যক্তিগত অসুবিধা এই দায়িত্ব পালনের পথে বাধা হতে পারে না।’
সাম্যের বাংলাদেশের প্রত্যাশা
আজমেরী হক বাঁধন, ইমতিয়াজ বর্ষণ ও আশফাক নিপুণসহ অনেকেই ফেসবুকে ছবি পোস্ট করে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ঢাকা-১৬ আসনের ভোটার বাঁধন বাবা-মাকে নিয়ে ভোট দিয়ে বলেন, ‘একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখছি। এভাবেই গণতান্ত্রিক সরকার দেশ গঠনে কাজ করবে। সবার জন্য একটি নিরাপদ ও সাম্যের দেশ হবে, যেখানে সবাই নিজের অধিকার ফিরে পাবে।’
ইমতিয়াজ বর্ষণ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে এই নির্বাচন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গত বছর ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েছিলাম, কিন্তু এবার নির্বিঘেœ ও নিশ্চিন্তে ভোট দিতে পেরেছি।’ নির্মাতা আশফাক নিপুণও কেন্দ্রের সুন্দর পরিবেশ ও কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন।
পরিবারসহ মডেল নোবেল
বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ভোট দিতে পেরে খুশি মডেল ও অভিনেতা নোবেল। তিনি বলেন, ‘আমার ৯১ বছর বয়সী বাবার হাঁটাচলায় কষ্ট হওয়া সত্ত্বেও তিনি উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন। মানুষকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ও বাকস্বাধীনতা নিশ্চিত করাই আসল স্বাধীনতা। মানুষের সম্মান রক্ষা করাই যেন আগামী সরকারের লক্ষ্য হয়।’
অংশগ্রহণকারী অন্যান্য তারকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শিল্প-সংস্কৃতি অঙ্গনের নবীন-প্রবীণ সবার মাঝেই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই তালিকায় আরও ছিলেন ওমর সানী, অপূর্ব, অনন্ত জলিল, বর্ষা, তমা মির্জা, প্রভা, মুমতাহিনা টয়া, সুনেরাহ্ বিনতে কামাল, কেয়া পায়েল, আইশা খানসহ অনেকে।



