ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। মেগা আসর শেষ হওয়ার ৪৪ দিন পর মাঠে নেমেই নতুন কীর্তি গড়লেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে গত পরশু আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি সিআর সেভেনের। চমৎকার এক গোল করে নতুন মৌসুম শুরুর পাশাপাশি পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুমে গোল করে প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। আর তাতে ভেঙে দিলেন টানা ২৪ মৌসুমে গোল করা সুইডেনের জøাতন ইব্রাহিমোভিচের রেকর্ড। আর এই গোলের সুবাদে ৯৭৭বার জালের দেখা পেলেন হাজার গোলের মাইলফলকের পেছনে ছুটে চলা রোনালদো।
প্রথমার্ধে বেঞ্চে থাকা রোনালদো মাঠে নামেন ম্যাচের ৬২ মিনিটে। ততক্ষণে আবদুল্লাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলের সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। মাঠে নামার ২১ মিনিট পর ব্যবধান ৪-০ করেন রোনালদো।



