রাবি প্রতিনিধি
সংবাদ প্রকাশের জেরে প্রায় এক বছর পর চার সম্পাদক ও এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব। তবে প্রাথমিক তদন্তে প্রমাণের ঘাটতি থাকায় মতিহার থানা পুলিশ মামলাটি এখনো এজাহার হিসেবে নথিভুক্ত করেনি।
গত ১১ জুলাই করা অভিযোগে রাবি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন, চার পত্রিকার সম্পাদক ও এক শিক্ষার্থীকে বিবাদি করা হয়। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের ফুডকার্ট নেয়া এবং ২০২৬ সালে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় হাসিবের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। সেগুলোকে মানহানিকর দাবি করে তিনি এ পদক্ষেপ নেন। তবে ফুডকার্ট সংক্রান্ত দরখাস্তে তার স্বাক্ষর ও ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য সংবাদের স্বপক্ষে প্রমাণ দেয়।
সাংবাদিক মারুফ হোসেন বলেন, সংবাদটি ২৫ জন সাংবাদিক প্রকাশ করলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সংবাদ প্রকাশের সব তথ্য-প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। হাসিবুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে তার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচার করা হয়েছে।
মতিহার থানা পুলিশ জানায়, এজাহারে উল্লেখিত অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলা রেজিস্টার করা হয়নি, তবে অনুসন্ধান চলছে। রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, সংগঠন থেকে কোনো মামলার সিদ্ধান্ত দেয়া হয়নি। এটি হাসিবের ব্যক্তিগত সিদ্ধান্ত।



