কূটনৈতিক প্রতিবেদক
নেপালে আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটলেও কোনো বাংলাদেশীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। যদি কোনো বাংলাদেশী ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। খলিলুর রহমান বলেন, সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় তাকে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও শোক জ্ঞাপন করেছি। আমরা নেপালকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছি। তিনি বলেন, কোনো বাংলাদেশী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না জানতে চেয়েছি। যদি হয়ে থাকে তাহলে যেন আমাদের জানানো হয়। আমরা তাদের সাথে পূর্ণ সহযোগিতা করব। যে অবস্থায় বাংলাদেশীরা রয়েছেন, তাদের ফেরত আনব। আমরা প্রস্তুত রয়েছি। ফোনালাপে নেপালের মন্ত্রী বলেছেন, তারা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কী ধরনের ক্ষতি হয়েছে এবং কী ধরনের সহায়তা লাগবে, তা আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে জানাবেন।



