নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর ঘটনাটি কেবলই একটি সড়ক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই দাবি তুলে ধরেন।
আলোচনা সভায় রিজভী বলেন, ‘একটি বিষয় আমার মনের মধ্যে বারবার উঁকি দেয়- সাইফুর রহমান দুর্ঘটনায় মারা গেলেন; কিন্তু এটি কি কেবলই একটি সাধারণ দুর্ঘটনা ছিল নাকি এর নেপথ্যে কোনো জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? এটি আমাদের গভীরভাবে ভেবে দেখা ও খুঁজে বের করা দরকার।’
সাবেক এই অর্থমন্ত্রীর দূরদর্শিতা ও অবদান স্মরণ করে তিনি বলেন, সাইফুর রহমান বাংলাদেশের মতো একটি ছোট ও দরিদ্রপীড়িত দেশকে শক্তিশালী অর্থনীতির ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। তিনি বাংলাদেশকে নিজ অর্থনৈতিক শক্তিতে গড়ে তোলার যে পথ দেখিয়েছিলেন এবং কৃষি অর্থনীতির ওপর ভর করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, তা অনেক দেশ ও দেশের ভেতরের জাতীয়তাবাদী বিরোধী শক্তি পছন্দ করেনি। সেজন্য তার মৃত্যু নিয়ে শুরু থেকেই জনমনে নানা সন্দেহ ও প্রশ্ন রয়ে গেছে।
রিজভী আরো বলেন, এম সাইফুর রহমান ছিলেন এমন একজন দক্ষ অর্থনীতির ব্যবস্থাপক, যার আমলে ব্যাংক লুটপাট কিংবা দেশ থেকে টাকা পাচারের কোনো সুযোগ ছিল না। তিনি নিজস্ব কর ও রাজস্ব আদায়ের ওপর ভিত্তি করে সুষম বাজেট প্রণয়ন করতেন, যার ফলে ব্যাংকিং খাত সব সময় টেকসই অবস্থায় থাকত। কিন্তু বিগত ১৭ বছরে দেশে লুটপাট ও অর্থ পাচারের এক অপসংস্কৃতি তৈরি করা হয়েছে, যা অর্থনীতিকে ভেতরে ভেতরে ফোকলা করে দিয়েছে। সাইফুর রহমানের অর্থনৈতিক সংস্কার ও অবদান আজ দেশ-বিদেশে স্বীকৃত।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম কাইয়ুম চৌধুরী বলেন, সাইফুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির প্রকৃত কারিগর। মুক্তবাজার অর্থনীতির কৌশল ও যুগোপযোগী সংস্কারের মাধ্যমে কিভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তিনি সেই মহা কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছিলেন।
সাইফুর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য এম নাসের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদের হুইপ জি কে গউস, জাসাস সভাপতি হেলাল খানসহ সিলেট ও মৌলভীবাজার বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান সাইফুর রহমান। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে টানা অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।



