রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের সিরিজ হামলা

Printed Edition

রয়টার্স

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদাম ও সরবরাহ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রায় ২০টি স্থাপনায় হামলা চালানো হয়, যার ফলে একাধিক বড় ধরনের অগ্নিকাণ্ড এবং বিপুল পণ্য ধ্বংসের ঘটনা ঘটেছে।

গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থিত ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে প্রায় প্রতি রাতেই ড্রোন আক্রমণ চালানো হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ১১ লাখ ৮০ হাজার বর্গমিটার আয়তনের গুদামঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা তাদের সামগ্রিক গুদাম সক্ষমতার এক-পঞ্চমাংশের (২০ শতাংশের) চেয়েও বেশি। মস্কোয় ওয়াইল্ডবেরিজের একটি পণ্য সংগ্রহকেন্দ্র পরিচালনাকারী ব্যবসায়ী ভাসিলি ক্লিমভের সার্বিক পরিস্থিতি এই ক্ষতির ব্যাপ্তি স্পষ্ট করে দেয়। তিনি জানান, হামলা শুরু হওয়ার আগে তার কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ৪০০টি পার্সেল পৌঁছাত। বর্তমানে তা আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ১৫০টিতে। জমিয়ে রাখা আর্থিক সঞ্চয় শেষ হয়ে আসায় চরম সঙ্কটে পড়া ক্লিমভ বাধ্য হয়ে নিজের ব্যবসাটি বিক্রির জন্য নোটিশ দিয়েছেন।