অ নু বা দ ক বি তা

একজন শহীদ কখনো মারা যায় না

Printed Edition

জাভারিয়া ওয়াসিম

ভাষান্তর-তমিজ উদ্দীন লোদী

কবি জাভারিয়া ওয়াসিম ১৯৯৭ সালের ১ মে পাকিস্তানের লাহোরে জন্ম গ্রহণ করেন। তিনি একাধারে তরুণ চলচ্চিত্র নির্মাতা, ফটোগ্রাফার এবং লেখিকা ।

এসবের পাশাপাশি তিনি পাকিস্তানের নারী অধিকার, পরিবেশগত সমস্যা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করে চলেছেন। তিনি ‘দ্য লিটল আর্ট’ নামক একটি শিল্প শিক্ষাবিষয়ক বেসরকারি সংস্থার তরফ থেকে এই স্বীকৃতিতে ভূষিত হন। মাত্র ১৯ বছর বয়সে তার নির্মিত Littering is not allowed here নামক ডকুমেন্টারিটি ৮ম করাচি সাহিত্য উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয় । তিনি শিল্পী রায়ান ও নিল’র প্রকল্প ‘স্লিপিং এত লাস্ট’-এর জন্য দু’টি মাইক্রো মিউজিক ভিডিও প্রযোজনা করেছেন । এ পর্যন্ত তার দুটি কাব্যগ্রন্থ You and Her (২০১৫) এবং In the Shadows of Light at Night (2016) (২০১৬) প্রকাশিত হয়েছে । এ কবিতাটি ঃtar ‘A Martyr Never Dies’-এর অনুবাদ।

তারা এক দুঃস্বপ্নের মতো এসে আমাদেরকে টেনে নিয়ে গেল।

ও মা! অশ্রু ফেলো না, তোমার ছেলে এখন উত্তম জায়গায়।

তারা আমাদের কলমকে ভয় পেত, তাই আমাদের গুলি করে দূর করে দিল।

ও মা! কেঁদো না, কারণ তাদের বন্দুকগুলো পরাজিত হয়েছে।

তারা আমাদের নির্দেশ করে পরিচয় জিজ্ঞাসা করল।

ও বাবা! দাঁড়িয়ে থাকো গর্বে, আমি উত্তর দিলাম সগর্বে।

আমি মাথায় একটি গুলি পেয়েছি সবুজ পরার অপরাধে।

ও বাবা! দৃঢ় থাকো, আমি কিছুই অনুভব করিনি।

তাই আমাকে এই মাটিতেই সমাধিস্থ করো এবং হাসিমুখে সমাধিস্থ করো

এই মাটির প্রতিটি কণা আমার ত্যাগের সাক্ষী।

তাই আমাকে এই মাটিতেই সমাধিস্থ করো এবং হাসিমুখে সমাধিস্থ করো

তোমার ছেলে শহীদ হয়েছে এবং একজন শহীদ কখনো মারা যায় না।

সেই দানবরা কেবল হত্যা করেছিল, কাউকেই ছাড় দেয়নি।

ও বাবা! তাদের হৃদয় পাথরের মতো শীতল ছিল।

তারা আমার স্কুলের দেয়াল আমাদের রক্তে রঞ্জিত করেছিল।

ও বাবা! চিন্তা করো না, তারাই একদিন কষ্ট পাবে।

বেহেশতের দরজায় ফেরেশতারা আমাকে গ্রহণ করেছিল।

ও মা! সেই জায়গাটি ছোট ছোট শিশুতে পরিপূর্ণ ছিল।

আর যখন আমি প্রভুর সাথে দেখা করলাম

আমি সবুজ পোশাক পরিহিত ছিলাম।

ও মা! আমার মা! আমি কতটা সুখী ছিলাম।

তাই আমাকে এই মাটিতেই সমাধিস্থ করো এবং হাসিমুখে সমাধিস্থ করো

এই মাটির প্রতিটি কণা আমার ত্যাগের সাক্ষী।

তাই আমাকে এই মাটিতেই সমাধিস্থ করো এবং হাসিমুখে সমাধিস্থ করো

তোমার ছেলে শহীদ হয়েছে এবং একজন শহীদ কখনও মারা যায় না।