সাব্বির হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Printed Edition

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোর আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোকবল হোসেন মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, তাকে সাব্বির হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেবিদ্বার থানা এলাকায় সংঘর্ষের সময় অটোচালক সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর নিহতের মামা নাজমুল হাসান বাদি হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন, যেখানে মুকুল চেয়ারম্যান এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারের সময় মুকুল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে।