১০ আগস্ট শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ আহরণ

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

রুইজাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ১১ আগস্ট সকাল ৬টা থেকে একযোগে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ শুরু হবে।

গতকাল সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমা আশরাফী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তিন মাস ১৫ দিনের এ নিষেধাজ্ঞাকালে মাছের প্রজনন কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হওয়ায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), সংশ্লিষ্ট সরকারি দফতর, মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের মতামতের ভিত্তিতে ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের অনুমতি দেয়া হয়েছে। ১১ আগস্ট সকাল ৬টা থেকে মাছ আহরণ, পরিবহন ও বিপণন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।