ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
মহানবী হজরত মুহাম্মদ সা:, তার কন্যা ফাতেমা রা: ও পবিত্র হাজরে আসওয়াদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। অভিযুক্ত সৃজন দাশ ওই গ্রামের প্রীতি দাশের ছেলে।
পুলিশ জানায়, সৃজন দাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, মহানবী সা: ও তার পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বৃহস্পতিবার রাতে আটকের পর পুলিশ তাকে কোর্টহাজতে প্রেরণ করে। ফেনী জেলার নবাগত পুলিশ সুপার প্রর্তুজ কুমার মজুমদার জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ডিজিটাল আলামত ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা ছাগলনাইয়া পৌর শহরে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুফতি সোয়াইব, আতাউল্লাহ সিফাত, মিরাজ হোসাইন, রবিউল হোসাইন রবি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অন্য দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। গতকাল ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে জুমার নামাজের আগে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ‘অপরাধীকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। আইন নিজস্ব গতিতে চলবে।’ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার এবং সজাগ থাকার আহ্বান জানান।



