জনগণ চোখ রাঙানিকে পাত্তা দেয় না : ডা: শফিক

Printed Edition
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য রাখছেন দলের আমির ডা: শফিকুর রহমান  : নয়া দিগন্ত
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য রাখছেন দলের আমির ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

গাইবান্ধা প্রতিনিধি ও সাঘাটা সংবাদদাতা

‘চোখ রাঙাবেন না, জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না’- জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এ মন্তব্য করেছেন।

গতকাল সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা: শফিকুর রহমান বলেন, সাবধান, এখানেই স্টপ। সামনে আর পা বাড়াবেন না। কারো দিকে চোখ রাঙাবেন না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না।

তিনি বলেন, ‘আপনারা হাজারবার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না; কিন্তু আপনারা সেই পথেই পা বাড়াচ্ছেন।’ বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সাম্প্রতিক রংপুর সফর ও বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘আমি কাকে ভোট দেবো, কাকে দেবো না সেটি কি বিএনপি ঠিক করে দেবে?’

তিনি আরো বলেন, ‘বেপরোয়া অনেক আইন তৈরি করছেন, আরেকটি আইন পাস করে ফেলেন- বিএনপি ছাড়া কাউকে ভোট দেয়া যাবে না। তখন জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, ইনশা আল্লাহ।’ রাষ্ট্রের উন্নয়ন প্রসঙ্গে ডা: শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়।’

তিনি বলেন, জনগণের ট্যাক্সের অর্থে দেশের উন্নয়ন হয়। তাই কোনো এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই।

এর আগে সোমবার সকালে সাঘাটায় পৌঁছে নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন ডা: শফিকুর রহমান। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন ও কথা বলেন।

জনসমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ আকন্দ।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকনুজ্জামান রোকন ও সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন জামায়াতকর্মী সালাউদ্দিন। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত ৯ আগস্ট তিনি মারা যান। এ দুই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়।