সিংহের ন্যায়পরায়ণতা

Printed Edition
সিংহের ন্যায়পরায়ণতা
সিংহের ন্যায়পরায়ণতা

ফারুক হোসেন সজীব

গহিন বনে এক সিংহ ছিল। সে ছিল বনের রাজা। সিংহ বনের সব প্রাণীকে ভালোবাসত এবং ন্যায্য বিচার করত। একদিন সিংহ বনের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল, একটি কাঠবিড়ালি ও একটি খরগোশ ঝগড়া করছে। কাঠবিড়ালি বলছে, আমি তোমার চেয়ে পরিশ্রমী এবং বুদ্ধিমান। খরগোশ আপত্তি জানিয়ে বলছে, না, আমি তোমার চেয়ে পরিশ্রমী এবং বুদ্ধিমান। সিংহ তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাদের ঝগড়ার কারণ বুঝি এই? কাঠবিড়ালি বলল, বনের রাজা আপনি যখন এসেছেন, তখন আপনিই বিচার করুন। আমাদের মধ্যে কে বেশি পরিশ্রমী এবং বুদ্ধিমান। সিংহ তাদের দু’জনের কথা শুনল। তারপর কিছুক্ষণ গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, আমি তোমাদের একটি পরীক্ষা নিতে চাই। আমি দেখব, তোমাদের মধ্যে কে বেশি পরিশ্রমী এবং বুদ্ধিমান।

কাঠবিড়ালি আর খরগোশ সিংহের কথায় রাজি হয়ে বলল, তাই হোক! আমরা দু’জনই পরীক্ষা দিতে প্রস্তুত। সিংহ বলল, তোমরা দু’জনেই এক দিনের মধ্যে বনের মাঝখানে থেকে একটি বড় গাছ কেটে আমার কাছে নিয়ে আসবে। যে যত বড় গাছ কেটে এবং যত তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসতে পারবে সে-ই বেশি পরিশ্রমী এবং বুদ্ধিমান। এ কথা শুনে কাঠবিড়ালি এবং খরগোশ দু’জনেই বনের মাঝখানে চলে গেল।

পরদিন কাঠবিড়ালি প্রথমে একটি বড় গাছের কাছে গেল এবং গাছের চার পাশে ছোট ছোট গর্ত করে, পাথর দিয়ে গাছ কাটার চেষ্টা করল। আর অন্য দিকে খরগোশও একটি গাছের কাছে গিয়ে তার দাঁত দিয়ে গাছ কাটার চেষ্টা করল। কিন্তু কেউ পুরো গাছ কাটতে পারল না। তারা দু’জনেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গাছের কাছেই শুয়ে পড়ল।

ওদিকে সিংহ কাঠবিড়ালি এবং খরগোশের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল। সন্ধ্যা প্রায় হয়ে এলো কিন্তু কেউ প্রতিযোগিতায় জয়ী হয়ে ফিরল না। সিংহ বুঝতে পারল তারা কেউ সফল হয়নি। আর হবেইবা কিভাবে? এই কাজ করা তাদের জন্য কি সহজ ছিল? মোটেই না। দু’দিন পরে সিংহ কাঠবিড়ালি এবং খরগোশের সাথে দেখা করতে গেল। কিন্তু একি! কাঠবিড়ালি আর খরগোশ যে অসুস্থ হয়ে পড়ে আছে! ঘটনা কী?

সিংহ বলল, আরে, তোমাদের অবস্থা এমন কেন? কাঠবিড়ালি বলল, মহারাজ, সারা দিন পরিশ্রম করে ক্ল¬ান্ত হয়ে, অসুস্থ হয়ে পড়েছি। এই কাজ আমার কিছুতেই সম্ভব না। খরগোশ বলল, আমিও সারা দিন কাজ করে ক্ল¬ান্ত হয়ে, শরীর ব্যথা হয়ে গেছে এবং আমি অসুস্থ হয়ে গেছি। এই কাজও আমার না। সিংহ হো হো করে হেসে বলল, তোমরা দু’জনেই পরিশ্রমী এটা মানতে আমার কোনো সমস্যা নেই!

কিন্তু তোমরা কেউ বুদ্ধিমান নও। কারণ যদি বুদ্ধিমান হতে তবে তোমরা দু’জনে ঝগড়া করতে না, আর গাছ কাটার মতো অত বড় সিদ্ধান্তেও আসতে না। কিন্তু তোমরা নির্বোধের মতো সিদ্ধান্ত মেনে নিয়ে ছুটে চলে গেলে গাছ কাটতে। এটাই তোমাদের নির্বুদ্ধিতা। সিংহের কথা শুনে কাঠবিড়ালি এবং খরগোশ তাদের ভুল বুঝতে পারল এবং নিজেদের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত হলো।

সিংহ বলল, কখনো কারো পরিশ্রমের সাথে নিজের পরিশ্রমের তুলনা করা উচিত নয়। কারণ তোমার কাছে যেটা পরিশ্রম অন্যের কাছে সেটি পরিশ্রম না-ও মনে হতে পারে। তাই আমাদের উচিত কারো সাথে নিজেকে তুলনা না করে আপন মনে নিজ নিজ কাজ করে যাওয়া।