নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গত মঙ্গলবার রাতে ডিবি রমনা বিভাগ হাতিরপুল এলাকা থেকে চঞ্চল মিয়া, রাশিদুল ইসলাম রন্টি, মো: হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে লোকজন সংগ্রহ করত এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করত।
ডিএমপি আরো জানায়, মঙ্গলবার রাতে ডিবি ওয়ারী বিভাগ হাটখোলা রোড এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: ইসলাম বেপারি ও ডেমরা থানা এলাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজুল হককে গ্রেফতার করে। অপর দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো: গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে। অন্য দিকে বুধবার কাফরুল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসম্পাদক রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।
কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ গ্রেফতার : রাজধানীর হাজারীবাগ এলাকায় দীর্ঘ দিন ধরে আতঙ্ক সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার ডন সাগর (২০) সেনা অভিযানে গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে দু’টি ধারালো চাইনিজ চাপাতি, দু’টি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৭০০ টাকা এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ ডন সাগরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।
পলাতক আসামি গ্রেফতার : এ দিকে রাজধানীর ভাটারার ইউনাইটেড সিটি এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামি মাহান্নান করিম অমিথকে (৪২) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।



