শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম

Printed Edition

আলজাজিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার খবরে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। একই সাথে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে ব্যাপক উত্থান দেখা গেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৮ সেন্ট বা ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। এতে এই তেলের দাম দাঁড়িয়েছে ৮৩ ডলার ৭৫ সেন্টে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ ডলার ১ সেন্ট বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ৮০ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবারও বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল।

এ দিকে সোমবার সকালে লেনদেন শুরুর পর জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই-২২৫ পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি পায়। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৫ দশমিক ৭ শতাংশ লাফিয়ে ওঠে। তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের নিয়মিত লেনদেন সময়ের বাইরে যে ফিউচারস বাজারে শেয়ার লেনদেন হয়, সেখানেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচকের সাথে সংশ্লিষ্ট ফিউচারস প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিটের ফিউচারস প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।