নিজস্ব প্রতিবেদক
আসছে ২৬ আগস্ট দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
গত ১৩ আগস্ট ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ড. আয়াতুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো: ইমতিয়াজ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া, ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট, স্থান ও সড়কে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানারে সজ্জিত করা হবে।
বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া মাহফিলসহ সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজস্ব অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।
ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠসহ ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতা আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া, স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশ এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বই মেলার আয়োজন করবে এ প্রতিষ্ঠান।



