গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ২, আহত ১৩

Printed Edition

আনাদোলু

গাজা সিটির দক্ষিণাঞ্চলে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। গতকাল রোববার তেল আল-হাওয়া এলাকায় গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন থেকে হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় একটি চিকিৎসা সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি গাড়িটিতে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আশপাশের কয়েকজন পথচারীও আহত হন।

এদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের উত্তর-পূর্বে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দক্ষিণ খান ইউনুসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া ভবন ও তাঁবু লক্ষ্য করেও ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলি চালানো হয়েছে। একই সময়ে ইসরাইলি যুদ্ধজাহাজগুলো খান ইউনুসের উপকূলের দিকে গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩৬৯ ফিলিস্তিনি নিহত ও চার হাজার ৬২৭ জন আহত হয়েছেন।