গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, সরকারের কর্মকাণ্ডে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে তা উপেক্ষা করা হচ্ছে। সরকার ও পলাতক ফ্যাসিবাদী শক্তির মধ্যে এক ধরনের গোপন সমঝোতার আভাস জনগণ দেখতে পাচ্ছে। তিনি বলেন, ‘জনগণ সংবিধানের আংশিক সংশোধন নয়, মৌলিক রাষ্ট্রীয় সংস্কার চায়। সেই সংস্কার বাস্তবায়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গত বুধবার বিকেলে গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে এ কথা বলেন। জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণ-হত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে জনগণের আন্দোলনকে উপেক্ষা করা হলে, দেশ আবারো বৃহত্তর গণআন্দোলনের দিকে অগ্রসর হবে। প্রয়োজনে আরেকটি গণআন্দোলনের ডাক দেয়া হবে। জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কোনো বিশ্বাসঘাতকতা হতে দেয়া হবে না।’
বিশেষ অতিথি ডা: আতিকুর রহমান মুজাহিদ এমপি। বলেন, ‘জুলাইযোদ্ধাদের ওপর এখনো নির্যাতন চলছে, অনেকের চোখ পর্যন্ত উপড়ে নেয়া হয়েছে। এটি কোনোভাবেই জুলাইয়ের চেতনার বাস্তবায়ন হতে পারে না। যারা বিদেশী প্রভাবের ফাঁদে পড়ে, ইতিহাসে তাদের স্থান জনগণের কাতারে নয়।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব বলেন, ‘গণভোটের গণরায় যতদিন বাস্তবায়ন হবে না, ততদিন বাংলার জমিন উত্তপ্ত থাকবেই।
এ ছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মো: জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগরের সভাপতি হোসাইন আল মামুন, সংসদ সদস্য মো: সালাহ উদ্দীন আইউবী প্রমুখ।



