আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
শিল্পাঞ্চল আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় তালাবদ্ধ একটি ফ্যাট থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও পুরুষ বাসা ভাড়া নিয়েছিলেন। ঘরের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। এ ছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।



