আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসনাত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আর্টস ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো: নজমুল হুদা। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, গবেষণা উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলা এবং গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের গবেষণায় আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সেমিনারে আটজন স্নাতক শিক্ষার্থী তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং অ্যাকাডেমিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।



