নিজস্ব প্রতিবেদক
তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। হজ ও ওমরাহযাত্রীদের জন্য বিভিন্ন এজেন্সির প্যাকেজ, সেবা ও বুকিং সুবিধা এক ছাদের নিচে তুলে ধরতেই এ আয়োজন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
তিনি জানান, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজকার্যক্রম পরিচালনার অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো স্টল দেবে। হজে আগ্রহীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজ, মূল্য ও সেবার তুলনামূলক তথ্য যাচাই করে মধ্যস্বত্বভোগীর সম্পৃক্ততা ছাড়াই সরাসরি পছন্দের এজেন্সির সাথে বুকিং বা চুক্তি করতে পারবেন। তিনি বলেন, মেলা উপলক্ষে অনেক এজেন্সি তাদের সার্ভিস চার্জে ছাড় দেবে। ফলে নির্ধারিত প্যাকেজ মূল্যের বাইরে অতিরিক্ত কিছু ব্যয়ে ছাড় পাওয়ার সুযোগ থাকবে।
হাব মহাসচিব জানান, বাংলাদেশের প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ ওমরাহযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও ওমরাহ পালন করেন। এসব কার্যক্রম হাবের সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে পরিচালিত হয়। তিনি দাবি করেন, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। মেলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দেশের অধিকাংশ হজগমনেচ্ছু মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন। তাদের সাথে অনুমোদিত হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি, প্রতারক ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং হজযাত্রীদের হয়রানি ও অর্থ আত্মসাতের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠান, এমনকি কিছু পরিচিত ব্যক্তিও হজযাত্রী সংগ্রহ করছেন। এতে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে। তিনি হজ ও ওমরাহযাত্রীদের এজেন্সির লাইসেন্স যাচাই করে চুক্তিবদ্ধ হওয়ার এবং সরাসরি সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে অর্থ জমা দেয়ার আহ্বান জানান।
মেলায় হজসংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবার পাশাপাশি হজ ও ওমরাহযাত্রী পরিবহনকারী প্রধান এয়ারলাইনসগুলোর সেবা সম্পর্কেও সরাসরি জানার সুযোগ থাকবে বলেও জানান তিনি। ফরিদ আহমেদ মজুমদার জানান, সৌদি সরকার ২০২৭ সালের হজের রোডম্যাপ ও নতুন নির্দেশনা ঘোষণা করেছে। নতুন নিয়মে ক্যাটারিং সেবা বাধ্যতামূলক করা, ‘ডি’ ক্যাটাগরি প্রত্যাহারসহ কয়েকটি পরিবর্তনের ফলে বাংলাদেশী হজযাত্রীদের জন্য ব্যয় ও ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, সহসভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জনসংযোগ সম্পাদক জাহিদ আলম, সাংস্কৃতিক সম্পাদক কাউছার উদ্দিন এবং নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



