নয়া দিগন্ত ডেস্ক
‘গতিতেই শান্তি’ স্ট্যাটাস দেয়ার ১০ মিনিটের মধ্যে বেপরোয়া গতি কেড়ে নিলো কিশোর ইশাত আহমেদের প্রাণ। এ ছাড়া গাজীপুর ও চুয়াডাঙ্গাসহ অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো পাঁচজন।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নিজের ফেসবুক ওয়ালে চলন্ত মোটরসাইকেলের ছবির সাথে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নাঙ্গলকোটের ইশাত আহমেদ (১৭) নামে এক কিশোর। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর (পূর্বপাড়া) গ্রামের ওমান প্রবাসী ইলিয়াস হোসেন মিয়াজির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ইশাত। পরে স্থানীয় এলাকাবাসী তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে সে নিজের ফেসবুক ওয়ালে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ স্ট্যাটাস দিয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আরো হৃদয়বিদারক হয়ে ওঠে।
নাঙ্গলকোট থানার ওসি মো: শাহিনুর ইসলাম বলেন, ইশাতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
গাজীপুর জেলা প্রতিনিধি জানায়, গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় পাঁচ বছর বয়সী মাহফুজা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মায়ের সাথে ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে মাহফুজা। শুক্রবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি সিএনজি অটোরিকশার সাথে বাসের সংঘর্ষের দুই ট্যাক্সি যাত্রী নিহত ও আহত হয়েছেন অপর তিন যাত্রী। গতকাল বিকেলে মহাসড়কের চন্দনাইশ বাদামতলা এলাকায় মাজারের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যাত্রীরা হচ্ছে তোফায়েল মোরসালিন (২২) ও আবদুল গফুর (৫৫) আহতরা হচ্ছে অটোচালক সাইমুন হোসেন (২০), সানজিদা আক্তার সুমাইয়া (২১) ও মো: আরিফ (৪০) হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুস সাত্তার জানান, কক্সবাজারমুখী তিশা প্লাটিনা এসি বাস ঢাকা মেট্রো ব-১২-৪৯৫৭ এবং পটিয়ামুখী নাম্বার বিহীন সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয় অপর চারজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে অপর যাত্রী মারা যায়। অন্য আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়ার কাহালুতে চালবোঝাই ট্রাকের ধাক্কায় সিরাজুল হক খান (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার কৈচর এলাকার মৃত রইস উদ্দিন খানের ছেলে। তিনি রেজিস্ট্রি অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী (কেরানি) ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সিরাজুল হক একটি মোটরসাইকেল নিয়ে মুরাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁর দিক থেকে আসা চালবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিরাজুল হকের মৃত্যু হয়।



