চট্টগ্রামে অশ্লীল ছবি-ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল যুবক গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া প্রকাশ কালাম মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে নানা প্রলোভন দেখান। পরে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে মতিউর রহমানের ছবি এডিট করে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করা হয়। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ডবলমুরিং থানায় মামলা করেন।

পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে ভুক্তভোগীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার কালাম মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।