নতুন রাষ্ট্রপতিকে আরো অভিনন্দন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। গতকাল হেফাজতে ইসলামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ইসলামী মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা হেফাজতের

নিজস্ব প্রতিবেদক জানায়, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

গতকাল এক বিবৃতিতে তারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ইসলাম ও দেশের আলেম-ওলামার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলে আমরা আশা করি।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু সরকার পরিবর্তনই যথেষ্ট নয়; রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে রাখাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের মানুষের প্রত্যাশাও এখন অনেক বিস্তৃত।

১২ দলীয় জোট

বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ১২ দলীয় জোটের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোট মুখপাত্র ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবুল বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো: লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান।

ভাসানী জনশক্তি পার্টির অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আশা করি, তিনি রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব ও মর্যাদা অক্ষুণœ রেখে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাবিপ্রবি’র ভিসি ও প্রোভিসির অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং প্রোভিসি প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম।

নতুন রাষ্ট্রপতির সুযোগ্য, বলিষ্ঠ ও বিজ্ঞ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা হবে এবং তার বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরো গতিশীল হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

মিরসরাই পীরের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন মিরসরাই দরবার শরীফ সোবাহানিয়া কমপ্লেক্সের পীর শাহ সুফি আল্লামা আব্দুল মোমেন নাছেরী। গতকাল তিনি গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তিনি বলেন, নব নির্বাচিত রাষ্ট্রপতি একজন শিক্ষক, একজন এমপি ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি আশা রাখি আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি সুবিচার কায়েম করবেন। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নেক হায়াত কামনা করছি।