নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে পানির রিজার্ভ ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন : পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো: রানা (২২)। গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দেলোয়ার মৃধা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছরের সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অন্য দিকে নিহত রানা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক। বন্ধের দিন থাকায় দেলোয়ারের সাথে কাজ করতে এসে প্রাণ হারালেন তিনি। মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন রানা।
স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার কাজ চলাকালে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। অল্প সময়ের মধ্যেই তাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তারা অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনা স্থলে এসে তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে লালন মিয়ার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছে। সম্প্রতি বাড়ির ভেতরেই একটি সেপটি ট্যাংকের ছাদ ঢালাই করেছে। ওই ছাদের সাটারিংয়ের কাঠ খুলতে প্রথমে একজন শ্রমিক ট্যাংকিতে নামেন। তার কোনো সারাশব্দ না পেয়ে আরেকজন নামেন। এতে দু’জনই অচেতন হয়ে পড়লে ভয়ে অন্যরা ট্যাংকিতে না নেমে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্যাংকি থেকে দু’জনকে উদ্ধার করেছে।
খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসেই তাদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।



