বিএমইউর ২৬৯ ফ্যাকাল্টিকে এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর বিভিন্ন বিভাগের ২৬৯ জন সম্মানিত ফ্যাকাল্টি, সিনিয়র চিকিৎসককে এভিডেন্স বেইজড মেডিসিন (ইভিএম) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এভিডেন্স বেইজড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা রোগীদের চিকিৎসা ব্যয় কমানো, বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার গুণগত মানবৃদ্ধিতে বিরাট অবদান রাখতে পারে। সেই লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ১০টি ব্যাচে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। ১০তম ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন সোমবার শহীদ ডা: মিল্টন হলে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসসির পরিচালক অধ্যাপক ডা: নুরুন নাহার খানম এবং সঞ্চালনা করেন আইকিউএসসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দীনে মুজাহিদ মো: ফারুক ওসমানী। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞজনেরা গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ প্রবন্ধ-নিবন্ধ উপস্থাপন করেন। এই প্রশিক্ষণ কর্মশালায় পিকো ফ্রেমওয়ার্ক, দ্য ইম্পরটেন্স অব মেডিক্যাল অডিট, ক্লিনিক্যাল অডিট সাইকেল ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি।