রানের রেকর্ড গড়ে প্রথম জয় আয়ারল্যান্ডের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে রানের রেকর্ড গড়ে প্রথম জয় পেয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভার শেষে ৪ উইকেটে ৭৯ রান ছিল আইরিশদের। শেষ ১০ ওভারে ওমানের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৫৬ রান তুলে লরকান টাকারের দল। ৫১ বলে ৯৪ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত ছিলেন আইরিশ অধিনায়ক। সব মিলে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান। এই সংস্করণে আইরিশদের দলীয় সর্বোচ্চ স্কোরও এটি। আর বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা। যা এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে রেকর্ডের প্রথম স্থানটি ধরে রেখেছে। তবে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের গড়া ২৩০ রানকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দুই নম্বরে উঠে এলো গতকাল আয়ারল্যান্ডের ইনিংসটি। লক্ষ্য তাড়ায় আইরিশদের শেষের ১০ ওভারের তাণ্ডবকেও টপকাতে পারল না ওমান। ১৩৯ রানেই থেমে যায় মধ্যপ্রাচ্যের দেশটির ইনিংস। ৯৬ রানে ওমানকে হারিয়ে চলমান আসরে প্রথম জয় তুলে নিলো আয়ারল্যান্ড।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পান টিম টেক্টর। আরেক ওপেনার রস অ্যাডায়ার পরের ওভারে টানা তিনটি চার মেরে দেন। কিন্তু এই অ্যাডায়ারকেও ফেরান শাকিল। অষ্টম ওভারে আমির কালিমের বলে কার্টিস ক্যাম্ফার ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে আয়ারল্যান্ড। সেখান থেকে গ্যারেথ ডেলানিকে নিয়ে লড়াই শুরু টাকারের। ৩৫ বলে ফিফটি করেন টাকার আর ২৮ বলে ডেলানি। এরপর ব্যক্তিগত ৫৮ রানে ডেলানি ফিরলে ভাঙে ৫৬ বলে ১০১ রানের জুটি। উইকেটে এসেই এবার জর্জ ডকরেল বইয়ে দেন হ্যারিকন। ৫ ছক্কায় ৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

বিশাল স্কোর তাড়া করতে নেমে ১৮ ওভারেই অলআউট হয় ওমান। আমির কালিম ও হাম্মাদ মির্জা দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৭৩ রানের জুটি গড়েন দু’জন। ২৮ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখান ৪৪ বছর ৮৬ দিন বয়সী কালিম। টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে ফিফটি করার কীর্তি এটি। আগের রেকর্ডটি ওমানের আগের ম্যাচেই করেছিলেন মোহাম্মাদ নাদিম (৪৩ বছর ১৬১ দিন)। ফিফটির পরের বলেই আউট কালিম। এরপর ওমানের ইনিংস ধসে পড়ে তাসের ঘরের মতো। ম্যাচসেরা হন লরকান টাকার।