রাজশাহী ব্যুরো
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং কার্যক্রম প্রায় বিলীন হওয়ার পথে। চিড়িয়াখানাটিকে আধুনিকায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে গড়ে তোলা হবে।
গতকাল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরিয়ে দেখান। এ সময় প্রাণিসম্পদ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করা হবে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে। তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী- তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য রাসিক সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, যাতে নিরাপদভাবে গোশত সংরক্ষণ ও বাজারজাত করা সম্ভব হয়।
এর আগে প্রতিমন্ত্রী তালাইমারি এলাকায় রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবিত আধুনিক কসাইখানা নির্মাণস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে নগর ভবনের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
রাসিক প্রশাসকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা: মো: বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা: আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান প্রমুখ।



