নয়া দিগন্ত ডেস্ক
গত মাসে ওয়াশিংটনে এক আফগান সন্দেহভাজনের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের আহত হওয়া এবং তাদের একজনের মৃত্যুর ঘটনার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এএফপি।
গতকাল বুধবার তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দফতর থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় বলেন, ‘এ কাজটি যিনি করেছেন, তাকে প্রশিক্ষণ দিয়েছে স্বয়ং আমেরিকানরাই।’ এটি ছিল ওই গুলি নিয়ে তালেবান সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তিনি আরো বলেন, সুতরাং এ ঘটনাটি আফগান সরকার বা জনগণের সাথে সংশ্লিষ্ট নয়।
২৬ নভেম্বরের ওই গুলিতে অভিযুক্ত ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, লাকানওয়াল আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই করা সিআইএ-সমর্থিত একটি ‘পার্টনার ফোর্স’-এর সদস্য ছিলেন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে যান। মুত্তাকি বলেন, তারা এ লোকটিকে প্রশিক্ষণ দিয়েছে, তাকে নিয়োগ দিয়েছে এবং তিনি এমন একটি অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে আফগানিস্তান ছেড়েছেন, যা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।



