ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের ক্লাব মেৎস ও নেদারল্যান্ডসের ফোরচুনা সিটার্ডের মধ্যকার একটি প্রীতিম্যাচে খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন নারী রেফারি ম্যাথিল্ড ডেমনকে। ধাক্কা খেয়ে মাঠে পড়ে যাওয়ার পর তার কনকাশন (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) ধরা পড়ে। এ কারণে তিনি ম্যাচ পরিচালনা চালিয়ে যেতে পারেননি।
গত শনিবার পূর্ব ফ্রান্সের ফোরবাখ শহরের শ্লসবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ৪০তম মিনিটে উত্তেজনার সূত্রপাত হয়। জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় দলের আরো কয়েকজন খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ম্যাথিল্ড ডেমনকে এগিয়ে গেলে ধাক্কাধাক্কির মধ্যে তিনি ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি জোরে মাটিতে আছড়ে পড়েন। ঘটনাটি ঘটে এমন একটি সাইনবোর্ডের সামনে, যেখানে লেখা ছিল, ‘রেফারিকে সম্মান করুন।’



