প্রযুক্তি ডেস্ক
যাত্রা শুরুর ১৬ বছরে নিজেদের তৈরি ১৪ কোটি ফিচার ও স্মার্টফোন বিক্রি করেছে দেশী মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল। ১৪ কোটি ফোন বিক্রির এই সাফল্য উদ্যাপন করতে গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে ‘নিউ এক্সপেরিয়েন্স’ স্লোগান নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে সিম্ফনি মোবাইল। এরপর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এডিসন গ্রুপ। এর পর থেকে প্রতিষ্ঠানটির অধীনেই দেশের বাজারে কার্যক্রম পরিচালনা করছে সিম্ফনি মোবাইল।
এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাই এই অর্জনের মূল শক্তি। ভবিষ্যতেও গ্রাহকের প্রয়োজন এবং নতুন প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে সিম্ফনি ও এডিসন গ্রুপ এগিয়ে যেতে চায়। বিশ্বজুড়ে দাম বাড়লেও আমরা গ্রাহকদের সাধ্যের মধ্যে মোবাইল ফোন দেয়ার চেষ্টা করছি। ২০২২ সালে আমরা নেপালে মোবাইল ফোন রফতানি করেছিলাম, কিন্তু পরে বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার সেই সমস্যাগুলো দূর করেছে, আমরা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আবার রফতানি কার্যক্রম শুরু করব।’



