অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস কাজী নজরুল : রিজভী

Printed Edition
জাতীয় কবি নজরুল ইসলামের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন পরিবারের সদস্যরা : নয়া দিগন্ত
জাতীয় কবি নজরুল ইসলামের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন পরিবারের সদস্যরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির একটি উৎস’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান প্রতিটি ক্ষেত্রেই নজরুল ইসলাম ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী তা রুখে দাঁড়াতে শেখায়। তিনি যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও নজরুল। কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের শক্তির একটি উৎস।

রিজভী বলেন, বাংলাদেশে কাজী নজরুলের মতো মহীরুহ প্রতিভার সম্পর্কে যে চর্চা দরকার, যে অনুশীলন দরকার সেটি আবার শুরু হয়েছে। নজরুল আমাদের প্রেরণা। তার লেখনী, সাহিত্যকর্ম ও বাণী বুকে নিয়ে আমরা পথ চলি, নজরুল আমাদেরকে নির্ভয় করে, আমাদেরকে সামনে যেতে নির্ভিক করে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী।

এই সময়ে তার সাথে বিএনপির সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।