কূটনৈতিক প্রতিবেদক
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক এই কূটনীতিক। তাকে দুই বছরের চুক্তিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে আব্দুল মুহিতকে গ্রেড-১ মর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেয়া হলো। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
আব্দুল মুহিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।



