অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান

জবির ৪ দফা দাবি মেনে নিয়েছে সরকার

Printed Edition
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিচ্ছেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ : নয়া দিগন্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিচ্ছেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ : নয়া দিগন্ত

জবি সংবাদদাতা

টানা তিন দিন আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। গত রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে জবি ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম এ ঘোষণা দেন।

ভিসি জানান, শিক্ষার্থীদের প্রথম দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করা হবে। এই বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সাশ্রয়ী পরিবহন সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া আবাসন সঙ্কট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেয়ার কথাও জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা সারা দিন ধরে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সব পক্ষকে নিয়ে এই সমস্যার সমাধান করেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নে একসাথে কাজ করব।’

পরে গণ-অনশনে অংশ নেয়া শিক্ষার্থীদের নিজ হাতে পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, ‘আমাদের চতুর্থ দাবি ছিল শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এ ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে এবং সাত দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।’

সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানান শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা।