নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় চারজন নিহত হয়েছেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ঢিবিতে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া অটোভ্যানের চালককে চাপা দিয়ে চলে গেছে একটি দ্রুতগতির ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা গেছেন আবু সাইদ বাবলু (৫০) নামে ওই ভ্যানচালক। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা এক যাত্রী। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিতাইশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঘোড়াঘাটের ওসমানপুরে আসেন ভ্যানচালক বাবলু। কাজ শেষে যাত্রীসহ ফেরার পথে নিতাইশা মোড় এলাকায় পৌঁছালে সড়কের পিচ গোলে তৈরি হওয়া উঁচু ঢিবিতে অটোভ্যানটির সামনের চাকা উঠে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের ওপর উল্টে পড়ে। এ সময় ভ্যানচালক বাবলু ছিটকে গিয়ে রাস্তার মাঝামাঝি পড়ে যান, আর যাত্রী হারুনুর রশিদ রাস্তার এক পাশে ছিটকে পড়েন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক বাবলুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান নাগেশ্বরীর এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ধরলা সেতু পার হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দে ট্রলিটির শকআপ ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী পৌর শহরে রিকশায় চলাচলের সময় ওড়না গলায় পেঁচিয়ে সেলিনা মুজাম্মেল ঝরনা (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার ঝর্ণা বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা। তিনি বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না রিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া খানকার এক খাদেম নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো: নুরুল হক মৃধা। তিনি পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা। সোমবার সকাল পৌনে ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে।
আমতলী স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকার খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে সোমবার ফজরের নামাজ শেষে খাদেম নুরুল হক মৃধা সড়কে পড়ে থাকা টাকা তুলতে গেলে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


