ক্ষমতা নয়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় জামায়াত : মারদিয়া মমতাজ এমপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন-৪৪) সদস্য মারদিয়া মমতাজ বলেছেন, কোনো জনপ্রতিনিধি যদি নাগরিকের প্রাপ্য অধিকার পৌঁছিয়ে না দেয় তবে জনগণকে সেই অধিকার বুঝে নিতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধির কাজ হচ্ছে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার নাগরিকের কাছে পৌঁছিয়ে দেয়া। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সৎ ও যোগ্য নেতৃত্ব জামায়াতে ইসলামীর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে চায়। জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি ও অনিয়মের দাগ নেই। দুর্নীতিমুক্ত নেতৃত্বের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ।

গতকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও দুঃস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য মারদিয়া মমতাজের নামে বরাদ্দকৃত নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলামের পরিচালনায় পুরানা পল্টন কলেজ মিলনায়তনে সুবিধাভোগীদের মধ্যে ঈদ উপহারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী সালেহা মমতাজ ও দিলারা বেগম, শাহজাহানপুর থানা মহিলা সেক্রেটারি পারভীন আক্তার প্রমুখ।