চিকিৎসকের ভুলে নারীর মৃত্যু চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি জানান, চিকিৎসকের অবহেলায় পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে ভুল চিকিৎসায় প্রাণ হারানো কনিকা রানীর স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকার ও স্থানীয় বিএনপি তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও মেনে নেয়ার মতো নয়। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবাকে পুনরুদ্ধার করতে সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং প্রতিটি চিকিৎসাকেন্দ্র আধুনিকায়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রেসকাট সূত্রে জানা যায়, গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে ডা: লক্ষ্মী রানী দত্তের অধীনে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন বালিয়াকান্দির কনিকা মণ্ডল (৩৫)। অস্ত্রোপচারের পরদিন থেকেই তার পেট ফুলতে শুরু করে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে ৩ জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে ৭ জুলাই পরীক্ষায় তার পেটে চিকিৎসকদের ফেলে যাওয়া গজ শনাক্ত হয়। একই দিনে পুনরায় অস্ত্রোপচার করে গজটি বের করা হলেও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট রাতে কল্যাণপুরের একটি হাসপাতালে মারা যান তিন সন্তানের এই জননী।

ঘটনাস্থলে উপস্থিত রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা: এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা নিহতের পরিবারের খোঁজখবর নেন।