নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।


